বাংলার আকাশ ডেস্ক :
কানাডার টরন্টোতে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপের এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী ডিজে সঞ্জয়। আন্তর্জাতিক এই আয়োজনের মঞ্চে পারফরম্যান্সের সময় তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়ের বিভিন্ন প্রতীক তুলে ধরে বিশ্বজুড়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন।
শুক্রবার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় শিল্পীরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পারফর্মার নোরা ফাতেহি এবং ফরাসি পপশিল্পী ভেজিড্রিম। তাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন ডিজে সঞ্জয়।
অনুষ্ঠানে নোরা ফাতেহি তার নতুন মৌলিক গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি ভিন্ন সংস্কৃতি ও সংগীতধারার শিল্পীদের যৌথ পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিশেষ করে ডিজে সঞ্জয়ের উপস্থাপনায় বাংলাদেশের প্রতীকী বিষয়গুলোর উপস্থিতি প্রবাসী বাংলাদেশিসহ দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার পারফরম্যান্স নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
এ আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের উৎসবমুখর আবহে কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও পারফর্ম করেন খ্যাতিমান শিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা ও মাইকেল বুবলে।
মাঠের খেলার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকাপের বৈশ্বিক উৎসবকে আরও বর্ণিল করে তুলেছে এই আয়োজন।