বাংলার আকাশ ডেস্ক :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি ফরিদপুরের সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গোয়ালচামট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

দুর্বৃত্ত সূর্যোদয়ের সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম প্রহরে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় ফরিদপুর জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পৌরসভা, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এছাড়াও স্থানীয় সাধারণ মানুষও ব্যক্তিগত উদ্যোগে স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অব্যাহত ছিল।