ডায়াবেটিস সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টা ৪৫ মিনিটে ফরিদপুর ডায়াবেটিক সমিতি-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ভবনের হলরুম-১ এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সদস্য সচিব আব্দুস সামাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি প্রফেসর ডা. মুস্তাফিজুর রহমান শামীমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় ডায়াবেটিসের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ফরিদপুর জেলা বর্তমানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বক্তারা আরও জানান, দল-মতের ঊর্ধ্বে থেকে সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করা প্রয়োজন। গণতান্ত্রিক পদ্ধতিতে ডায়াবেটিক সমিতির কমিটি গঠন এবং সেবামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। ফরিদপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।