বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে এ আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়া বক্তব্য দেন ফরিদপুর সদর-১ আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্লা, ফরিদপুর বিভাগীয় সম্পাদক নিজামুদ্দিন আহমেদ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা আমির মাওলানা মো. বদরুদ্দিন, ফরিদপুর-২ আসনের খেলাফত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আমজাদ হোসেন এবং সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র মোহাম্মদ আলী আহসান তাসকির।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা।
আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, দেশের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কোনো বাধা বা ষড়যন্ত্র বরদাশত করা হবে না। তারা ২০২৪ সালের আন্দোলনে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে সেই চেতনা বাস্তবায়নের আহ্বান জানান।
এ সময় ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শিক্ষা খাতে সংস্কার এবং দেশের বিভিন্ন কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবিও তোলা হয়।

ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মো. বদরুদ্দিন। পরে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতারে অংশ নেন।