1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ১ পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা আকারম্যানের ১৫০ রানের ঝড়, সেঞ্চুরিয়ন টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে শুষ্ক থাকতে পারে আবহাওয়া

পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View
ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো এক বিদেশি নভোচারীকে সঙ্গে নিয়ে তিন নভোচারীবাহী রকেট মহাকাশে উৎক্ষেপণ করেছে চীন। আজ বুধবার (২৫ নভেম্বর) শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানি নভোচারীকে নিয়ে রকেটটি চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

২০৩০ সালের আগেই চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে নিজেদের মহাকাশ কর্মসূচিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে চীন। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রও; দেশটি তাদের আর্টেমিস কর্মসূচির মাধ্যমে চাঁদে নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটটি উৎক্ষেপণ করা হয়। গোলাপি আকাশের নিচে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে রকেটটি মহাকাশের উদ্দেশে ছুটে যায়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রচারিত ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।

উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি মূল রকেট থেকে সফলভাবে আলাদা হয়ে কক্ষপথে প্রবেশ করে বলে জানিয়েছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা। সংস্থাটি এই অভিযানকে ‘সম্পূর্ণ সফল’ ঘোষণা করার পাশাপাশি জানায়, নভোচারীরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন।

শেনঝৌ-২৪ অভিযানে অংশ নেওয়া তিনজন নভোচারী হলেন মহাকাশযানের পাইলট তাং হংবো, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই এবং পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। পাকিস্তান বিমানবাহিনীর পাইলট ও পেলোড বিশেষজ্ঞ জিশান আলী চীনের মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী। একই সঙ্গে তিনি চীনের নাগরিক নন—এমন প্রথম ব্যক্তি হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করতে যাচ্ছেন।

৪০ বছর বয়সী আলীর এই মহাকাশযাত্রা প্রায় পাঁচ দিন স্থায়ী হওয়ার কথা রয়েছে। এরপর তিনি শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। গত মে মাসে মহাকাশযানটি তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছেছিল। পাকিস্তানের মহাকাশ সংস্থা জানিয়েছে, কক্ষপথে অবস্থানকালে আলী বেশ কয়েকটি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন। এসব পরীক্ষার মধ্যে রয়েছে ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে অণুশৈবাল (মাইক্রোঅ্যালগি) চাষ এবং মহাকাশ ভ্রমণের ফলে কুইনোয়া বীজের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা যাচাই করা।

কক্ষপথে প্রবেশের পর মহাকাশযানটির তিয়াংগং মহাকাশ স্টেশনে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। সেখানে আগে থেকেই তিনজন নভোচারী অবস্থান করছেন; শেনঝৌ-২৪ অভিযানের তিন সদস্য তাদের সঙ্গে যোগ দেবেন। বর্তমানে মহাকাশ স্টেশনে থাকা ওই তিন নভোচারী হলেন ৪০ বছর বয়সী ঝু ইয়াংঝু, লাই কাই-ইং এবং ঝাং ঝিয়ুয়ান। এর মধ্যে লাই হংকংয়ের প্রথম নভোচারী এবং বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থানরত একমাত্র নারী।

নির্ধারিত সূচি অনুযায়ী, পাকিস্তানের আলী লাই ও ঝাংয়ের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন। অন্যদিকে ঝু মহাকাশ স্টেশনেই থেকে যাবেন। এর মধ্য দিয়ে মহাকাশে একটানা এক বছর অবস্থানের চীনের প্রথম কর্মসূচি সম্পন্ন হবে। ভবিষ্যতে চাঁদে এবং আরও দূরবর্তী মহাকাশে অভিযানের পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করার সক্ষমতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ঝুর এই অবস্থান সেই সক্ষমতা পরীক্ষার একটি বড় পদক্ষেপ।

মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক অবশ্য আলী নন। এর আগে মোনাকোভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম ২০২৩ সালের অক্টোবরে ভার্জিন গ্যালাকটিকের ‘গ্যালাকটিক-০৪’ অভিযানে অংশ নিয়ে মহাকাশ ভ্রমণ করেছিলেন।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মহাকাশ অভিযানকে পাকিস্তান ও চীনের মধ্যকার ‘অসাধারণ আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের’ প্রতিফলন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘মহাকাশ জয়ের অভিযাত্রায় পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতাকেও ছাড়িয়ে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT