দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি। হঠাৎ করে সেবা বন্ধ হয়ে যাওয়ায় এবং কাজ না করায় বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী দৈনন্দিন দাপ্তরিক কাজ, লেখালেখি ও পড়াশোনা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভ্রাট চলাকালে চ্যাটজিপিটিতে প্রবেশ করলে ব্যবহারকারীদের কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে অস্বাভাবিক ফাইল ডাউনলোড হওয়ার মতো ঘটনা ঘটেছে। হঠাৎ এআই সেবা বন্ধ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই রসিকতা করে মন্তব্য করছেন, চ্যাটজিপিটির মতো তাৎক্ষণিক উত্তর দেওয়ার মাধ্যম বন্ধ থাকায় সাময়িকভাবে আবার মানুষকে নিজ মস্তিষ্কের ওপরই পুরোপুরি ভরসা করতে হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশে সেবাটিতে বড় কোনো বড় জটিলতা দেখা যায়নি এবং স্বাভাবিকভাবেই ব্যবহার করা গেছে।
এই বিভ্রাটের প্রভাব কেবল ওপেনএআই-এর নিজস্ব প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকেনি। চ্যাটজিপিটির অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) ব্যবহার করে চালিত বিশ্বজুড়ে অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনের এআই পরিষেবাও একই সঙ্গে স্থবির হয়ে পড়েছে।
(সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট)