বাংলার আকাশ ডেস্ক :
ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এতে ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীর চাপ ক্রমেই বাড়ছে।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে।
ঈদের আর কয়েকদিন বাকি থাকলেও অনেকেই আগেভাগে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য ঢাকা ছাড়ছেন। ফলে বাস টার্মিনালগুলোতে স্বাভাবিকের তুলনায় চাপ বেড়েছে।
যাত্রীরা জানান, বেশিরভাগ দূরপাল্লার বাস নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে। তবে কিছু রুটে অতিরিক্ত যাত্রীর কারণে সামান্য ভোগান্তি দেখা দিচ্ছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনাল ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
মহাখালী ট্রাফিক ইন্সপেক্টর ওমর ফারুক জানান, যাত্রাপথে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে ট্রেনযাত্রায় তুলনামূলকভাবে ভিড় কম দেখা গেছে। অধিকাংশ ট্রেনেই আসন ফাঁকা রয়েছে বলে জানা গেছে।
রেলওয়ে সূত্র জানায়, কমলাপুর থেকে প্রতিদিন ৪৩টি আন্তঃনগর এবং ২৩টি লোকাল ও কমিউটার ট্রেন বিভিন্ন গন্তব্যে চলাচল করছে। ঈদ উপলক্ষে আগামী রোববার থেকে ৫ জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে।