বাংলার আকাশ ডেস্ক :
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ট্রেনে তুলনামূলক স্বস্তির যাত্রা হওয়ায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় বাড়ছে।
শনিবার (২৩ মে) কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীরা পরিবার-পরিজন নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছেন। আগের দিনের তুলনায় আজ যাত্রীর চাপ আরও বেড়েছে। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ভিড় বেশি থাকলেও পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোতে তুলনামূলক স্বস্তি দেখা গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের ছুটি আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও অনেক চাকরিজীবী আগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এতে আগাম যাত্রার চাপ তৈরি হয়েছে।
তবে বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে স্টেশন ছাড়ছে। সকালে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও চিলাহাটি-নিলসাগর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়ে যায়।
যাত্রীরা জানান, ঈদ যত ঘনিয়ে আসবে ভিড় তত বাড়বে—এ কারণে আগেভাগেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা, যাতে শেষ মুহূর্তের ভোগান্তি এড়ানো যায়।
শরিফা নামে এক যাত্রী বলেন, স্বামী পরে ছুটি পাবেন, তাই সন্তানদের নিয়ে আগে বাড়ি যাচ্ছেন। ট্রেন দেরিতে ছাড়লেও নিরাপদ যাত্রার কারণে তিনি সন্তুষ্ট।
সুলতান নামে আরেক যাত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তিনি আগেই বাড়ি ফিরছেন, কারণ শেষ সময়ে ভিড় অনেক বেড়ে যায়।
রেলওয়ে সূত্র আরও জানায়, শনিবার সারাদিনে ৪৬টি আন্তঃনগর এবং ২৩টি লোকাল ও কমিউটার ট্রেন ঢাকা ছেড়ে যাবে। এতে প্রায় ৪৫ হাজার আসন এবং আরও ১৫–২০ হাজার স্ট্যান্ডিং যাত্রীর যাতায়াতের সুযোগ রয়েছে।
কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানান, ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ট্রেনের ছাদে যাতায়াত ঠেকাতে কঠোর নজরদারি থাকবে।