বাংলার আকাশ ডেস্ক :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ তুলে ধরতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর: এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে আয়োজিত এ এক্সপোতে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে তারা উচ্চশিক্ষা, গবেষণা এবং স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ণ ও আংশিক স্কলারশিপে পড়াশোনার সুযোগ সম্পর্কে জানতে পারছেন। পাশাপাশি ভর্তি প্রক্রিয়া, ক্রেডিট ট্রান্সফার ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়েও সরাসরি পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধি জেহানজেব খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য দেন।
আয়োজনে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।