বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গা থানায় সংঘটিত পৃথক দুইটি হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। রোববার তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
জানা গেছে, নগরকান্দা থানার মামলা নম্বর-০৪ এবং ভাঙ্গা থানার মামলা নম্বর-০২ এর ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখেন পুলিশ সুপার। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাপ্রবাহ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং ন্যায়বিচারের আশ্বাস দেন।
এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলাগুলো পেনাল কোডের বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।