বাংলার আকাশ ডেস্ক :
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশ ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খতিবজাদেহ অংশ নেন।
বৈঠকে উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে আঞ্চলিক উত্তেজনা কমাতে শান্তিপূর্ণ সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয় এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ ইরানের সহযোগিতা কামনা করলে ইরান জানায়, বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং দুই দেশ নিয়মিত যোগাযোগ রাখছে।
এর আগে ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকেও দুই দেশের মধ্যে জাহাজ চলাচল, নিরাপত্তা এবং মানবিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল।