বাংলার আকাশ ডেস্ক :
পার্বত্য জেলা বান্দরবান-এ তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফুল বিসর্জনের মধ্য দিয়ে।
রোববার (১২ এপ্রিল) ভোরে রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন সাঙ্গু নদী তীরে শত শত তঞ্চঙ্গ্যা নারী-পুরুষ ও তরুণ-তরুণী জড়ো হয়ে ফুল নিবেদন করেন এবং গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেন। এ সময় তারা মোমবাতি জ্বালিয়ে নতুন বছরের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
তঞ্চঙ্গ্যারা এই বর্ষবরণ উৎসবকে ‘ফুল বিষু’ নামে পালন করে থাকে। একই উৎসব চাকমা সম্প্রদায়ের কাছে ‘ফুল বিজু’ নামে পরিচিত। পুরোনো বছরের দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরকে বরণ করতেই এ আয়োজন করা হয়।
উৎসবের অংশ হিসেবে প্রথম দিনে ফুল বিসর্জনের পাশাপাশি ঘিলা খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার রান্না, নতুন পোশাক পরিধান ও আত্মীয়-স্বজনের বাড়ি পরিদর্শনের আয়োজন থাকে।
আয়োজক কমিটির সদস্য সচিব অমিত ভূষণ তঞ্চঙ্গ্যা জানান, এই উৎসব শুধু আনন্দের নয়, বরং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি সবার জন্য শান্তি ও সমৃদ্ধির নতুন বছর কামনা করেন।
বর্ষবরণ উপলক্ষে পুরো বান্দরবান এখন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে। আগামী কয়েক দিন ধরে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায় নিজ নিজ ঐতিহ্য অনুযায়ী নববর্ষ উদযাপন করবে।