দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাসরিন সুলতানা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চলতি বছরে জেলাটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। তিনি ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গত রবিবার নাসরিন জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হলেও চিকিৎসকরা ডেঙ্গু পরীক্ষা দেননি বলে অভিযোগ করেন তার স্বামী মিরাজ শেখ। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে থেকে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করা হলে তার ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে।
এরপর গত মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতের স্বামীর মতে, শুরুতেই যদি সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্ত করা যেত, তবে হয়তো সঠিক চিকিৎসায় তাকে বাঁচানো সম্ভব হতো।
জেলায় ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য বিভাগের বক্তব্য
ফরিদপুর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। জ্বর বা যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।