বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২৫৮ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উপজেলা অনুযায়ী নতুন শনাক্তদের মধ্যে ভাঙ্গায় ১০ জন, নগরকান্দায় ৪ জন, সদরপুরে ২ জন, সালথায় ৩ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন। অন্যান্য উপজেলায় নতুন কোনো রোগী পাওয়া যায়নি।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালেই সবচেয়ে বেশি ২৭ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগীদের চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।