বাংলার আকাশ ডেস্ক :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি নানা পদক্ষেপের অংশ হিসেবে এবার শিক্ষাখাতেও এসেছে পরিবর্তন। প্রচলিত ক্লাস রুটিনের বাইরে অনলাইন শ্রেণি-কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এ সকাল ৯টা থেকে অনলাইন ক্লাস কার্যক্রম চালু হয়। শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষে উপস্থিত থেকে ভার্চুয়াল মাধ্যমে পাঠদান করেন, আর শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে ক্লাসে অংশ নেয়।
শিক্ষকদের মতে, বৈশাখী ছুটির সময়কে কাজে লাগিয়ে প্রথমে কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হয়েছে। ধাপে ধাপে স্কুল শাখাতেও এটি চালু করা হবে। নতুন রুটিন অনুযায়ী সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) অনলাইন এবং তিন দিন (শনি, সোম ও বুধবার) অফলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মহানগরীর স্কুল-কলেজে অনলাইন ক্লাস চালুর বিষয়ে পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে অংশীজনদের মতামত নিতে গত ৮ এপ্রিল একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর ব্যবস্থা করা হয়েছে, যা আগামী শনিবার থেকে কার্যকর হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল শিক্ষার দিকে শিক্ষার্থীদের আগ্রহী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পাইলট প্রকল্প সফল হলে এটি ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হতে পারে।
নতুন সূচি অনুযায়ী, শনিবার অফলাইন ক্লাস, রোববার অনলাইন, সোমবার অফলাইন, মঙ্গলবার অনলাইন, বুধবার অফলাইন এবং বৃহস্পতিবার অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস পরিচালনা করবেন।