বাংলার আকাশ ডেস্ক :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর।
রোববার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সনাকের সদস্য, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে এখনও শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত রাখা হচ্ছে, বিশেষ করে বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের কাজে। এতে তাদের স্বাস্থ্য, শিক্ষা ও মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষাক্ত বর্জ্য ও নোংরা পরিবেশে কাজ করার ফলে শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।
তারা আরও বলেন, শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। পাশাপাশি দরিদ্র পরিবারকে সহায়তা, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে সরকারের কাছে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম নিরসনে একাধিক সুপারিশ উপস্থাপন করা হয়। মানববন্ধন থেকে শিশুশ্রম সম্পূর্ণ বন্ধে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সনাক ফরিদপুরের সহ-সভাপতি মনোয়ারা মুর্শিদার সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন জীবনে প্রকৃতি ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ বাদল, সনাক সদস্য মাহবুবুর রহমান, খেলাঘর ফরিদপুরের সভাপতি আলতাফ হোসেন এবং ফুলকি সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল আজম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ গোলাম মোস্তফা। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি”—এই স্লোগান দিয়ে শিশুশ্রমমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।