বাংলার আকাশ ডেস্ক :
কক্সবাজারের চকরিয়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর হ্রাস ও প্রত্যাহারের মাধ্যমে বাজারে মূল্যস্ফীতির চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার সন্ধ্যায় পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, চাল, ডাল, তেল, চিনি, লবণ ও মসলাসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ওপর কর কমানো হয়েছে, যাতে সাধারণ ভোক্তারা স্বস্তি পান।
তিনি জানান, স্বাস্থ্য খাতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। কিডনি ও হৃদরোগের চিকিৎসাসংশ্লিষ্ট ওষুধ ও সরঞ্জামের ওপর কর হ্রাস করা হয়েছে। এছাড়া ছানি অপারেশনে ব্যবহৃত লেন্সের ওপর কর প্রত্যাহার করায় চিকিৎসা ব্যয় কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাজেট নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলোর সুফল সরাসরি সাধারণ মানুষ ভোগ করবে। দেশের উন্নয়ন ও জনস্বার্থকে সামনে রেখে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী কক্সবাজার-চট্টগ্রাম সড়ক চার থেকে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে আনোয়ারা-পটিয়া-বাঁশখালী সড়কের উন্নয়ন এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ঘিরে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণের বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন।
লবণচাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, কৃষক ও উৎপাদকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এর ফলে গ্রামীণ জনগণ নিজ এলাকায় আরও উন্নত চিকিৎসাসেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।