বাংলার আকাশ ডেস্ক :
বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি গাছ উপড়ে পড়ে উমা চন্দ্র (৫২) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
উমা চন্দ্র উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানেই রাতে অবস্থান করতেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরের দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ের তীব্রতায় বাজারসংলগ্ন একটি পুরোনো বটগাছ উপড়ে গিয়ে তার দোকানের ওপর পড়ে। এতে দোকানটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।