বাংলার আকাশ ডেস্ক :
দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করতে আগামী কয়েক বছরে ৭ থেকে ৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
শুক্রবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বিশেষায়িত চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নতুন হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এরই মধ্যে একটি হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়েছে এবং উত্তরাঞ্চলে এক হাজার শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি নাগরিকদের নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। একটি পরিচ্ছন্ন ও সচেতন সমাজই রোগব্যাধি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক ও সামাজিক উদ্যোগ মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখে। এ ধরনের সেবামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করে।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনসাধারণের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।