বাংলার আকাশ ডেস্ক :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাহাড়ি এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার পাঁচগাঁও সীমান্ত এলাকার চন্দ্রডিঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ূন আহমেদ (২৯) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শেরপুর থেকে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কলমাকান্দার পাহাড়ি এলাকায় ভ্রমণে আসেন। দিনভর বিভিন্ন স্থান ঘুরে দেখার পর বিকেলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন হুমায়ূন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পাহাড়ি এলাকা থেকে মূল সড়কে ওঠার সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, হুমায়ূন স্থানীয়ভাবে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
কলমাকান্দা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তাদের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।