মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা সত্ত্বেও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ—এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি। তাঁর মতে, এত বড় আয়োজন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।
সোমবার যুক্তরাষ্ট্রের ডালাসে আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে শিরগি বলেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে কিছু অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত সমাধান হবে বলে তারা আশা করছেন।
তিনি জানান, বিশ্বকাপ একটি বিশাল বৈশ্বিক আয়োজন এবং যেসব দল বাছাইপর্ব পেরিয়ে যোগ্যতা অর্জন করেছে, তাদের সবাইকে টুর্নামেন্টে দেখতে চায় ফিফা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে।
ফিফার পক্ষ থেকে ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হবে ৪৮ দলের বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।
এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইরান। ‘জি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মিশর। দলটির দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলসে এবং একটি ম্যাচ সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।