দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
শরতের আগমনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত প্রাকৃতিক পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে বদলে গেছে দৃশ্যপট। বর্ষার প্রখর পানির প্রবাহ কমে গিয়ে নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে শুভ্র পাথরের বিস্তৃত স্তূপ। পানির গভীরতা কমলেও কমেনি এই প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ; বরং শরতের নীল আকাশ আর রোদের খেলায় সাদাপাথরের স্ফটিক-স্বচ্ছ পানি এক অপরূপ রূপ ধারণ করেছে।
ছুটির দিন ছাড়াও এখন পর্যটকদের পদচারণায় মুখর ভোলাগঞ্জ। স্বচ্ছ ও শীতল পানিতে নেমে গোসল করা, আনন্দ-উচ্ছ্বাসে ভেসে যাওয়া কিংবা নৌকায় চেপে মেঘালয়ের পাহাড়ি সীমান্ত ঘুরে দেখার আনন্দে মেতেছেন রূপপিয়াসী দর্শনার্থীরা। আবার প্রখর রোদ এড়াতে নদীর তীরে ছাতার নিচে বসে বা পাথরের ওপর জিরিয়ে নিয়ে উপভোগ করছেন চারপাশের শান্ত-সৌম্য প্রকৃতি। শরতের এই রোদেলা দিনে পাহাড়, নদী আর পাথরের মিতালী পর্যটকদের দিচ্ছে এক নতুন ভ্রমণের অভিজ্ঞতা।