বাংলার আকাশ ডেস্ক :
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবার বড় ধাক্কা দিল বৈশ্বিক ভোগ্যপণ্য খাতে। বিশ্বখ্যাত ব্র্যান্ড Dove–এর নির্মাতা বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বিশ্বব্যাপী কর্মী নিয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে অন্তত তিন মাসের জন্য নতুন নিয়োগ বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, রাসায়নিক ও প্লাস্টিকসহ বিভিন্ন কাঁচামালের সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় বহু প্রতিষ্ঠান আর্থিক চাপের মুখে পড়েছে।
লন্ডনভিত্তিক ইউনিলিভারও এর বাইরে নয়। কোম্পানিটির উৎপাদন কার্যক্রম সরাসরি জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ায় জ্বালানির মূল্য বৃদ্ধি তাদের খরচ বাড়িয়ে দিচ্ছে।
বার্তাসংস্থা Reuters–এর হাতে পাওয়া একটি অভ্যন্তরীণ মেমো অনুযায়ী, বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় এই নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেমোতে বলা হয়েছে, সামনের মাসগুলোতে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে প্রতিষ্ঠানটি।
তবে ইউনিলিভার জানিয়েছে, এটি একটি সাময়িক পদক্ষেপ। ভবিষ্যতে পরিস্থিতি উন্নতি হলে নিয়োগ কার্যক্রম পুনরায় চালু করা হতে পারে।