বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছেন আরও ৩৬ জন এবং এ সময়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৩ জনে এবং মৃতের সংখ্যা হয়েছে ৬ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে চারভদ্রাসন উপজেলায় ৪ জন, নগরকান্দায় ২ জন এবং সালথা উপজেলায় ১ জন রয়েছেন। পাশাপাশি ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যেও নতুন সংক্রমণ ধরা পড়েছে।
বর্তমানে এ দুই হাসপাতালে মোট ৯২ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৫ জন, আর একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। এখন পর্যন্ত এই দুটি হাসপাতালে চিকিৎসা নিয়ে মোট ২২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় এখন পর্যন্ত কয়েকজনের নমুনা পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। সংক্রমণ ঠেকাতে শিশুদের টিকাদান জোরদার করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যসেবাকেন্দ্রে যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।