বাংলার আকাশ ডেস্ক :
বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় নেতাদের জন্যও সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়। এর আওতায় হিন্দু ধর্মের পুরোহিত ও সেবায়েত, বৌদ্ধ ধর্মের বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্যও মাসিক সম্মানী প্রদানের উদ্যোগের উদ্বোধন করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নেতাদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করতেই এই কর্মসূচি চালু করা হয়েছে।