1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা আকারম্যানের ১৫০ রানের ঝড়, সেঞ্চুরিয়ন টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে শুষ্ক থাকতে পারে আবহাওয়া নাটকীয় প্রত্যাবর্তন: পদত্যাগের ১১ দিন পর আবারও এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং ১৭ বছর বয়সেই রেকর্ডবই ওলটপালট: এমএলএসের বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান সুষ্ঠু ইউপি নির্বাচনের লক্ষ্যে ২৯ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভারতের প্রিয়াংশ আর্যের

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View
ছবিঃ সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমার দোষী সাব্যস্ত হওয়ার পর দেশটির পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার নজির ইতিহাসে এটিই প্রথম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ব্রিটিশ নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের ওই পাঁচ কর্মকর্তা হলেন মিও হুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সোয়ে এবং কিয়াও সোয়ার ও। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মন্তব্য করেন, গণহত্যার মতো জঘন্য অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে হলে কেবল মূল্যবোধের প্রকাশ নয়, বরং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত অভিযানে হাজার হাজার রোহিঙ্গা প্রাণ হারান এবং জীবন বাঁচাতে সাত লাখেরও বেশি মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। সে সময় মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং, যাঁর ওপর ২০২১ সালেই নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাজ্য। এড মিলিব্যান্ড উল্লেখ করেন, ২০১৭ সালের ওই গণহত্যার সময় সামরিক বাহিনীর শীর্ষ পদে থাকায় সংঘটিত বহু নৃশংসতার জন্য মিন অং হ্লাইং সরাসরি দায়ী।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারকে অবশ্যই চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে এবং অপরাধীদের তদন্তের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের বর্বরতা আর কখনো না ঘটে, সে ব্যবস্থাও নিতে হবে।

এ ছাড়া মিলিব্যান্ড অবিলম্বে সংঘাত নিরসন করে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করা, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ রাখা, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া এবং সব পক্ষের অংশগ্রহণে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মিয়ানমারে বিমান জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

গত সপ্তাহে আইসিজের ওই রায় ঘোষণার পর যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও বহিষ্কার করে। সোমবার ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের এড মিলিব্যান্ড জানান, চলতি সপ্তাহেই যুক্তরাজ্য বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার ঘোষিত রায়ে আইসিজে জানায়, আদালতের সামনে উপস্থাপিত প্রমাণাদি থেকে ‘গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়’। আন্তর্জাতিক বিচারকদের নয়-ছয় ভোটে এই ঐতিহাসিক রায় দেওয়া হয়। পাশাপাশি ১৯৪৮ সালের গণহত্যা সনদের একাধিক ধারা লঙ্ঘনের দায়েও সংখ্যাগরিষ্ঠ বিচারক মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেন।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, বাংলাদেশের সীমান্তসংলগ্ন রাখাইন রাজ্যে ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। ওই অভিযানে পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং নারী ও কিশোরীদের ধর্ষণের মতো গুরুতর অভিযোগও উঠে আসে; যদিও মিয়ানমার কর্তৃপক্ষ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড জানান, ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে এবং বাংলাদেশ তাদের আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, রোহিঙ্গা গণহত্যার সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি, যাঁকে ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করে। পার্লামেন্ট সদস্যদের জানানো হয়েছে, দেশটিতে এখনো বিমান হামলা এবং আরাকান আর্মির সহিংসতা অব্যাহত রয়েছে।

আদালত তার রায়ে আরও বলেছে, মিয়ানমার তাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের গণহত্যা চালানো থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে। দেশটি গণহত্যা ও সনদে নিষিদ্ধ অন্যান্য অপরাধের কোনো বিচার করেনি এবং সনদ কার্যকর করার উপযোগী আইনও প্রণয়ন করেনি। এ ছাড়া ২০২০ সালে আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী গণহত্যার আলামত সংরক্ষণেও ব্যর্থ হয়েছে মিয়ানমার। রোহিঙ্গাদের ফেলে আসা গ্রামগুলোর স্থানে সরকারি ঘাঁটি নির্মাণ এবং অন্তত পাঁচটি গ্রামের অবশিষ্ট চিহ্ন মুছে ফেলার মাধ্যমে দেশটি আদালতের ওই আদেশ লঙ্ঘন করেছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT