কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক-অরাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দ্রুত সংলাপ আয়োজনের জন্য সরকারকে তাগিদ দিয়েছে বিরোধী দল ও জোটগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের ডাকে সাড়া দিয়ে তারা এই তাগিদ দেন। সংলাপের বিষয়ে ক্ষমতাসীন বিএনপি আগ্রহী হলেও দিনক্ষণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি; তবে চলতি মাসের শেষদিকে এই সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, “কথা একটাই—দেশে পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে।” তিনি আরও বলেন, “আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।”
সংসদে বক্তব্য দেওয়ার আগে বুধবার সংসদ ভবনে নিজ কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেদিন মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতাকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী এবং পরে প্রায় ১৫ মিনিট দুজনের মধ্যে আলোচনা হয়। আলোচনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলা ও সর্বদলীয় মিছিলের প্রসঙ্গ উঠলেও বিরোধীদলীয় নেতা গণমিছিল না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী তা মনোযোগ দিয়ে শোনেন, তবে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানাননি।
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক আমার বাংলাদেশ (এবি) পার্টিও দ্রুত সংলাপের আহ্বান জানিয়েছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে এই মুহূর্তে সংলাপের বিকল্প নেই।” ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈযদ মুহাম্মদ রেজাউল করীমও চলমান অস্থিতিশীলতা নিরসনে প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসে দেশের স্বার্থে সংকট সমাধানের কথা বলেছেন।
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের শর্ত
প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছে এবং সেটিকে ঐক্যের ভিত্তি হিসেবে তুলে ধরেছে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে শর্ত পূরণের বিষয়ে এখনো কোনো বক্তব্য আসেনি। জামায়াতের এক সংসদ সদস্য জানান, বুধবারের বৈঠকে বিরোধীদলীয় নেতা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় করতে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে বিরোধীদলীয় নেতা প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন এবং তাঁরা আশা করছেন সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে। তাঁর ভাষায়, “জুলাই বিপ্লবে রাজপথে গড়ে ওঠা ঐক্য বাংলাদেশের রক্ষাকবচ। সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে, এই ঐক্যের ভিত হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন।”
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে এনসিপি অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখি। কিন্তু, সেই ঐক্যের ভিত্তিটা কী হবে?” তিনি জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি, আওয়ামী লীগকে নরমালাইজ করা বা পুনর্মিলনের আলাপ নিয়ে সরকারের অবস্থান, গণভোটে দেওয়া সংস্কারের এজেন্ডাগুলোর ভবিষ্যৎ এবং ঐক্যের ধারাবাহিকতা—এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সংলাপের আগে যার যার মতো মাঠে দলগুলো
সংলাপ বা যৌথ সিদ্ধান্তের মাধ্যমে একমঞ্চে আসার আগ পর্যন্ত আপাতত পৃথক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার পথে হাঁটছে দলগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সন্ত্রাস-নৈরাজ্য মোকাবিলায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে ক্ষমতাসীন বিএনপি।
আজ শনিবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির কর্মসূচির মধ্যে রয়েছে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল; ২৫ নভেম্বর ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল; এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ-মিছিল। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদকে মাঠেও দাঁড়াতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে, আন্দোলন হবে নিয়মতান্ত্রিক। আমরা কোনো সহিংসতার পথ উন্মুক্ত করতে চাই না।”
এদিকে সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছে এনসিপি। দলীয় কর্মসূচির পাশাপাশি ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতেও এনসিপির নেতাকর্মীরা অংশ নেবেন। বাংলাদেশ খেলাফত মজলিসও পৃথক কর্মসূচির ডাক দিয়েছে।