দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে পথ চলা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়োপযোগী ও সাহসিকতাপূর্ণ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সংস্থাটি ইতিমধ্যে দেশজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক বিকেল ৪:২৬ মিনিটে এসআরবি-১০ (সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প) এবং এসআরবি-৪, ঢাকার একটি যৌথ আভিযানিক দল। দলগত এই অভিযানে রাজধানী ঢাকার পল্লবী থানার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ডাকাতি মামলার ১৪ বছরের সাজার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপন (৪৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির পিতার নাম মৃত আঃ হক বেপারী, সাং- ঈশান গোপালপুর, থানা- কোতোয়ালি, জেলা- ফরিদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪:৩০ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন ঈশান গোপালপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার দেখানো স্থান থেকে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পুলিশ ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি অস্ত্র মামলা, ২টি দস্যুতা মামলা, ১টি চুরি মামলা, ১টি এসিড অপরাধ দমন আইন মামলা ও ১টি বিস্ফোরক মামলাসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধের বিরুদ্ধে এসআরবি-১০ সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দাগী অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে সংস্থাটি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং পলাতক আসামিদের গ্রেফতারে এসআরবির এমন নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।