বাংলার আকাশ ডেস্ক :
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা কবে পালিত হবে, তা আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় জানা যাবে। এদিন ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী সোমবার (১৮ মে) থেকে নতুন মাস গণনা শুরু হবে।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে দেশটির নাগরিকদের আকাশে জিলহজ মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে। আদালত বলেছে, কেউ চাঁদ দেখতে পেলে সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটিকে অবহিত করতে হবে।
গালফভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামী ২৭ মে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে ২৮ মে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলও জানিয়েছে, রোববার সন্ধ্যায় ২৯ জিলকদ উপলক্ষে জিলহজ মাসের চাঁদ দেখা হবে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ ইসলামি দেশে এদিন নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চলে টেলিস্কোপের মাধ্যমে এবং কোথাও কোথাও খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনাই বেশি।
ইসলামি বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ মাস জিলহজে মুসলমানরা হজ পালন করেন। এ মাসের ৯ তারিখ পালিত হয় পবিত্র আরাফাত দিবস এবং ১০ তারিখ উদযাপিত হয় ঈদুল আজহার প্রথম দিন।