বাংলার আকাশ ডেস্ক :
রাঙ্গামাটির দুর্গম সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক কর্মী নিহত হয়েছেন।
শনিবার (৯ মে) ভোরে জেলার সাজেক ও দীঘিনালা সীমান্তবর্তী মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। তিনি ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের শুকনাছড়া এলাকার কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে ওই এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। তাদের উপস্থিতি টের পেয়ে হেগেরা চাকমা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। দুর্গম এলাকার কারণে সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।