বাংলার আকাশ ডেস্ক :
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
নতুন বছরকে স্বাগত জানাতে ভোর থেকেই ঢাবি এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ। রঙিন মুখোশ, প্রতীকী মোটিফ ও শিল্পকর্মে সাজানো শোভাযাত্রা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে ভোরে রমনার বটমূল-এ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। ‘জাগো আলোক-লগনে’ গান দিয়ে সূচনা হওয়া এ আয়োজনে প্রায় দুই ঘণ্টা ধরে পরিবেশিত হয় একাধিক গান।
রমনার বটমূলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই এ দিনটিকে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের সুযোগ হিসেবে দেখেন। পুরোনো গ্লানি ঝেড়ে ফেলে নতুন বছরের আহ্বানে মেতে ওঠেন সবাই।
বর্ষবরণের আনুষ্ঠানিকতা শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সাংস্কৃতিক চেতনার পক্ষে বিভিন্ন বার্তা তুলে ধরেন।