বাংলার আকাশ ডেস্ক :
পুরান ঢাকার বংশাল এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত মধ্যরাতে বংশালের কেপি ঘোষ স্ট্রিটের ওই ভবনে হঠাৎ আগুন লাগলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় পৌনে তিনটার দিকে ঘনবসতিপূর্ণ এই এলাকায় প্রথমে ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এতে আশপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।