বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরের সদরপুর উপজেলায় অনুমতি ছাড়া অন্যের জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে আলমগীর ভুইয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জাকের ডাঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের অনুমতি ছাড়াই আলমগীর ভুইয়া ড্রেজার ব্যবহার করে অন্যের জমি থেকে বালু তুলছিলেন। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় ব্যবহৃত ড্রেজারটি বন্ধ করে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।