বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায় কোতয়ালী থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন জানান, কোতয়ালী থানার গেরদা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা ওই শিশুটি গত ২৪ এপ্রিল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পরে ৩০ এপ্রিল সকালে বাখুন্ডা এলাকার একটি কলাবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে কোতয়ালী থানা ও ডিবি পুলিশের যৌথ দল। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত রহস্য উদঘাটন করা সম্ভব হয়।
এ ঘটনায় ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) এবং নাছিমা বেগম (৪৫)-কে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্তদের একজন কৌশলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি গোপন রাখতে তাকে হত্যা করা হয় এবং মরদেহ সরিয়ে ফেলার চেষ্টা করা হয়।
পুলিশ জানায়, তদন্তে সহায়ক বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।