বাংলার আকাশ ডেস্ক :
পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে শিক্ষা-সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক পরীক্ষার প্রশ্নপত্রের মান ও কঠিনতা, পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত কঠোর তদারকি, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ এবং উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব বিষয়ে দ্রুত কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— প্রশ্নপত্রের মান ও পরীক্ষা ব্যবস্থাপনা পুনর্বিবেচনা, বন্যার কারণে পরীক্ষা স্থগিতের বিষয়ে সমতা নিশ্চিত করে ব্যাখ্যা প্রদান, মানবিক দৃষ্টিভঙ্গিতে উত্তরপত্র মূল্যায়ন, বিশেষ করে কঠিন বিষয়গুলোর ফলাফল মূল্যায়নে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ।
সমাবেশে কয়েকজন শিক্ষার্থী শিক্ষা খাতের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের পদত্যাগের দাবিও উত্থাপন করেন। বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একই দাবিতে আগামী বুধবার সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।