মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ দুপুর দুইটায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাঁর পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালে নিজের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে ইশরাক হোসেন নিজেই এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া দেখে কিছুটা ক্ষোভ প্রকাশ করে ইশরাক হোসেন আরও লেখেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”
পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও মাদকমুক্ত সমাজ গঠনের আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”
(সূত্র: বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন)