বাংলার আকাশ ডেস্ক :
শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর সদর হাসপাতালের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এতে জেলার নয়টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আসন্ন জাতীয় টিকাদান কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
কর্মশালার সার্বিক সহযোগিতা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।