বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় মনিরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ২৭ ফেব্রুয়ারি রাত ২টার মধ্যে কোনো এক সময়ে ঘটনাটি ঘটে। বসতঘরের উঠানে থাকা একটি আমগাছের ডালে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন বলে জানা গেছে।
নিহতের পুত্রবধূ উর্মি বেগম প্রথম তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ওড়না কেটে নিচে নামালেও তখন আর কোনো সাড়া পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।