বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক থাকলেও গত ২৪ ঘণ্টায় এ রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ জুন সকাল ৮টা পর্যন্ত চলতি বছরে ফরিদপুরে মোট ২ হাজার ৫০২ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ২০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। চলতি বছরে এ হাসপাতাল থেকে মোট ৬৭৯ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
অপরদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৬ জন রোগী। পুরোনো রোগীদের নিয়ে বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটি থেকে ৩৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত সেখানে ১ হাজার ৫০৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ১ হাজার ৬৭২ জন হাম রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭০৮ জন রোগী।
নতুন ভর্তি হওয়া ৪২ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ৩০ জন ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং ১২ জন পার্শ্ববর্তী জেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন বলে জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম প্রতিরোধী টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।