বাংলার আকাশ ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রয়োগের সময় অর্থ দাবি এবং রোগীর স্বজনদের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক নার্সকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিশারাবাড়ি এলাকার দুই শিশু বিড়ালের কামড়ে আহত হলে তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার সময় দায়িত্বরত নার্সের বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, সরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা পাওয়ার কথা জানিয়ে রোগীর স্বজনরা অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। একপর্যায়ে তাদের একটি কক্ষে আটকে রাখার অভিযোগও ওঠে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাটি আমলে নেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, টিকা প্রয়োগের পর অর্থ দাবি করা হয় এবং তা দিতে অস্বীকৃতি জানালে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়।
কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন জানিয়েছেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।