ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইরানের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে এ তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাটিকে আরও আলোচনায় এনে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে দাবি করেন, “ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি আর বেঁচে নেই।” একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত সামরিক অভিযানের ফলেই এই ঘটনা ঘটেছে।
ট্রাম্পের ভাষ্যমতে, উন্নত গোয়েন্দা নজরদারি ও নির্ভুল সামরিক পরিকল্পনার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। তিনি আরও বলেন, ইরানের কিছু নিরাপত্তা সদস্য নাকি সংঘাত চালিয়ে যেতে অনাগ্রহ প্রকাশ করেছে এবং পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।
অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি।
খবরে আরও বলা হয়েছে, খামেনির বাসভবন লক্ষ্য করে সাম্প্রতিক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পুরো পরিস্থিতি এখনো দ্রুত পরিবর্তনশীল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, খবরটি সত্য হলে তা মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য নিশ্চিতকরণ না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।