বাংলার আকাশ ডেস্ক :
পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে হঠাৎ করেই স্পারসো পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন ও গবেষণা কার্যক্রমের তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, স্বনির্ভর এবং জাতীয় উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও ব্যবহার নিয়ে কাজ করা একটি জাতীয় প্রতিষ্ঠান।