বাংলার আকাশ ডেস্ক :
যশোরের শার্শা উপজেলায় এক ব্যবসায়ীকে মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৭ জুন) যশোরের আদালতে মামলাটি করেন শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামের ব্যবসায়ী পিন্টু রহমান। মামলার অভিযোগ গ্রহণ করে আদালত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য জুয়েল। এছাড়া একই গ্রামের আব্দুল বারেক, শফিয়ার রহমান, তহিদুল ইসলাম ও মশিয়ার রহমানকেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, স্থানীয় বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করাকে কেন্দ্র করে বাদীর সঙ্গে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে গত ২৯ মে বিকেলে শ্যামলগাছী গেট এলাকায় তাকে ঘিরে ফেলা হয়। পরে লাঠি, রড ও পাইপ দিয়ে মারধর করে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় বাদীর কাছে থাকা ১৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টাও করা হয়।
এদিকে, একই এলাকায় সম্প্রতি সংঘটিত আরেকটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ ও মামলার ঘটনা ঘটেছে। গত ৪ জুন ট্যুরিস্ট পুলিশ সদস্য উজ্জলের ওপর হামলার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করা হয়। এর আগে ২ জুনও একই বিরোধকে কেন্দ্র করে আরেকটি মামলা করা হয়েছিল বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে তদন্ত শেষে প্রকৃত তথ্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আদালতের নির্দেশে সিআইডি তদন্ত কার্যক্রম শুরু করবে।