বাংলার আকাশ ডেস্ক :
বার্ষিক মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রমের কারণে বুধবার (১ জুলাই) দেশের সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এদিন সারাদেশের আঞ্চলিক ডিপো ও প্রধান স্থাপনাগুলোতে বার্ষিক সমাপনী মজুদ গণনা (অ্যানুয়াল ক্লোজিং) এবং ফিজিক্যাল ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হবে।
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ফেরদৌসী মাসুম হিমেলের স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে বলা হয়েছে, প্রতিবছরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই যাচাই সম্পন্ন করতে একদিনের জন্য সাধারণ জ্বালানি সরবরাহ ও বিপণন বন্ধ রাখা হবে।
তবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিমান জ্বালানি জেট এ-১ (Jet A-1)-এর মজুদ ট্যাংকের যাচাই কার্যক্রম দ্রুত শেষ করে বিমানবন্দরগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা হবে।
বিপিসি জানিয়েছে, যাচাই কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো থেকে জ্বালানি সরবরাহ পুনরায় চালু করা হবে।