বাংলার আকাশ ডেস্ক :
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর বালিকা ফুটবল বিভাগে জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ফরিদপুর সদর উপজেলা বালিকা দল, যা চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমীর প্রতিনিধিত্ব করে।
টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দলটি জেলার সেরা দলের স্বীকৃতি লাভ করে। মঙ্গলবার জেলা চ্যাম্পিয়ন ট্রফি আনুষ্ঠানিকভাবে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়ার কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ট্রফি হস্তান্তর করেন চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমীর কোচ শাহাদাত হোসেন তিতু এবং চাঁদের হাট ফরিদপুরের সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদল।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা দলের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো ফল অর্জনের জন্য খেলোয়াড়দের উৎসাহিত করেন।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের অর্জন জেলার বালিকা ফুটবলের প্রসারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলায় আগ্রহী করে তুলবে।