বাংলার আকাশ ডেস্ক :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভেজাল মিশ্রিত হলুদ ও মরিচের গুঁড়া জব্দ করে ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই ঘটনায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামে একটি হলুদ মিলে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র্যাব-১৩।
অভিযানে খালেক পাইকারের হলুদ মিল থেকে প্রায় ৬০ মণ ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পারভীন বেগমকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কৃত্রিম রং ও রাসায়নিক মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ভেজাল পণ্য জব্দ ও ধ্বংস করা হয়।