বাংলার আকাশ ডেস্ক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা সাত দিন আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশ–ভারতের মধ্যে এই বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে।
সোমবার (২৫ মে) থেকে শুরু হওয়া এই ছুটির সময়ে বন্দরের পণ্য পরিবহন, লোড–আনলোডসহ সব ধরনের অভ্যন্তরীণ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে ভোমরা–ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এই বিরতি নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় রেখেই ছুটির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ঈদ শেষে আগামী ১ জুন থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি তুফান মণ্ডল জানান, বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী পারাপার আগের মতোই চলবে।
ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান বলেন, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে এবং ঈদের পর দ্রুত বন্দর কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।