দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ইতালির ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর। সম্মানজনক ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়ে প্রথম কোনো পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ভেনিসের পর্দায় ইতিহাস তৈরি করল রুবাইয়াত হোসেন পরিচালিত এই সিনেমা।
উৎসবের মূল ভেন্যু পালাৎসো দেল সিনেমার সালা ক্যাসিনো থিয়েটারে সম্প্রতি ছবিটির প্রথম প্রদর্শনী হয়। পরে সালা দারসেনা ও অ্যাস্ট্রা থিয়েটারেও সিনেমাটির একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শৈশবের স্মৃতি, একটি বিউটি পার্লার ও বিয়েবাড়ির ভয় ঘিরে প্রায় ২০ বছরের ভাবনার পর সিনেমাটি তৈরি করেছেন পরিচালক রুবাইয়াত। সিনেমাটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর প্রায় প্রতিটি প্রধান কারিগরি বিভাগ পরিচালনা করেছেন নারী কলাকুশলীরা। পরিচালক জানান, নারী টেকনিশিয়ানদের দক্ষতা ছিল দেখার মতো, যা “নারীরা ভালো সিনেমা বানাতে পারে না”—এমন বাঁধাধরা ধারণা ভেঙে দিয়েছে।
আন্তর্জাতিক এই যৌথ প্রযোজনার ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ জাইনীন চৌধুরী করিম। এ ছাড়া রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল এবং অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান। চলতি বছরের মধ্যে বিশ্বজুড়ে মুক্তির পর আগামী বছর সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।