দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে সমকামিতার অভিযোগে দুই ছাত্রকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন শেখ মুজিবুর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ।
এক বিবৃতিতে হল জিএস জানান, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওই দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা) অভিযোগ প্রমাণিত হওয়ায় হল প্রশাসন এই কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাদের স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের গোপালগঞ্জের বাসিন্দা আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের নেত্রকোনার বাসিন্দা আরিফুল হক শুভ। উভয়ই ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হল প্রশাসন সূত্রে জানা যায়, লিখিত অভিযোগ পাওয়ার পর তা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্তে অকাট্য প্রমাণ মেলার পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
জিএস আহমেদ আল সাবাহ জানান, কেবল হল থেকে বহিষ্কারই শেষ নয়, অভিযুক্তদের স্থায়ী ছাত্রত্ব বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশ করা হয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।