বাংলার আকাশ ডেস্ক :
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে।
শনিবার (২৩ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় খনিটিতে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন।
এর আগে জানানো হয়, দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দেন এবং ঘটনার কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল। এখানে প্রতি বছর বিপুল পরিমাণ কয়লা উত্তোলন করা হয়। তবে খনি শিল্পে নিরাপত্তা ঝুঁকি ও দুর্ঘটনার ঘটনা দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় হয়ে আছে।